প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Voice of Chittagong
Voice of Chittagong Chittagong
+8801823605363 | admin@voiceofchittagong.com
সারাদেশ

টানেলের আনোয়ারা প্রান্তে সড়ক দখলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

প্রতিবেদক: Voice of Chittagong প্রকাশ: Nov 9, 2026 প্রিন্ট: 10 Nov 2026, 08:58 PM
টানেলের আনোয়ারা প্রান্তে সড়ক দখলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান
ছবি: টানেলের আনোয়ারা প্রান্তে
কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদেরও সতর্ক করা হয়েছে।

সোমবার সকাল থেকে টানেল মোড়ের ভোজনবাড়ি এলাকা থেকে টানেল ট্রাফিক বক্স পর্যন্ত সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদে অভিযান চালানো হয়।

চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ আশিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দখল করে অবৈধভাবে সিএনজি স্টেশন গড়ে তোলার কোনো সুযোগ নেই। টানেল মোড়ে গড়ে ওঠা অবৈধ স্টেশন উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি চালকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ আবার সড়ক দখল করে এ ধরনের স্টেশন স্থাপন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় কিছু ব্যক্তি সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান বসাচ্ছেন। তাঁদের একাধিকবার সতর্ক করা হলেও কেউ কেউ আবারও সড়ক দখল করছেন। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সুন্দর, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এদিকে চাতরী চৌমুহনী বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে জনবলসংকটের কথাও তুলে ধরেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে দায়িত্বে রয়েছেন মাত্র পাঁচজন সদস্য। তাঁদের মধ্যে রাতের ডিউটি ও জরুরি ছুটির কারণে কর্মরত সদস্যের সংখ্যা আরও কমে যায়। সীমিত জনবল নিয়েই গুরুত্বপূর্ণ এই এলাকার যানজট নিরসনে কাজ করতে হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Voice of Chittagong